টেনসেন্ট, উইবো’র মতো সাইট থেকে ২৬০০ কোটি ডেটা ফাঁস!
টেনসেন্ট, উইবো, টুইটার, লিংকডইন ও ড্রপবক্স এর মতো প্রচলিত বিভিন্ন সামাজিক মাধ্যম ও বড় প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৬০০ কোটির বেশি ডেটা ফাঁস হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা গবেষকেরা। সিকিউরিটি ডিসকভারি ও সাইবারনিউজের গবেষকেরা জানিয়েছেন অজ্ঞাত ও উন্মুক্ত স্টোরেজ থেকে পাওয়া সংবেদনশীল তথ্যে ভরা এই ডাটাবেসটির আকার ১২ টেরাবাইট। এত ব্যাপক আকারের ডেটার সন্ধানকে এখন পর্যন্ত ডেটা ফাঁসের ক্ষেত্রে সবচেয়ে বড় ঘটনা বা ‘মাদার অব অল ব্রিচ’ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা।
এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ফোর্বস। তথ্য বলছে, ফাঁস হওয়া এ নথিতে চীন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানেরও রেকর্ড থাকতে পারে।
সূত্রমতে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে সবচেয়ে বেশি ১.৫ বিলিয়ন তথ্য ফাঁস হয়েছে চীনা টেনসেন্ট হোল্ডিংস লিমিটেডের। এছাড়াও দেশটির সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক উইবুর ৫০৪ মিলিয়ন তথ্যও রয়েছে ফাঁস হওয়া ডেটায়। একইভাবে মাইস্পেস এর ৩৬০ মিলিয়ন ও টুইটারের ২৮১ মিলিয়ন তথ্য রয়েছে।
কোন হ্যাকার বা ডেটা সংগ্রাহক এই ডেটাগুলো একত্রিত করেছে বলে ধারণা করছেন সাইবার গবেষকরা। তাদের ভাষ্য, পরিচয় চুরি, অত্যাধুনিক ফিশিং স্কিম (অনলাইনে প্রতারণার মাধ্যমে টাকা চুরি করা), সাইবার আক্রমণ, ব্যক্তিগত ও সংবেদনশীল অ্যকাউন্টগুলোয় অননুমোদিত প্রবেশসহ বিভিন্ন ধরনের আক্রমণের জন্য হ্যাকাররা এসব ডেটা ব্যবহার করতে পারে।
এই ধরনের আবিষ্কৃত ডেটা নতুন হলে তা সাধারণত একটি ভালো খবর হয়ে থাকে। তবে গবেষকেরা বলছেন, আগের চুরি করা ও ফাঁসকৃত ডেটার সমন্বয়ই হলো এসব ডেটা। আর এর মধ্যে অনেক ডেটারই পুনরাবৃত্তি রয়েছে। বিভিন্ন ইউজারনেম ও পাসওয়ার্ডের সংমিশ্রণ এখানে অন্তর্ভুক্ত রয়েছে। তাই এটি এখনো একটি দুশ্চিন্তার বিষয়। তাই আগামী সপ্তাহে সাইবার হামলার বিপুল ঢেউয়ের আশঙ্কা করছেন ফোর্বসের প্রতিবেদক।
সফটওয়্যার কোম্পানি ইএসইটি এর গ্লোবাল সাইবারসিকিউরিটি অ্যাডভাইসার জেক ম্যুর বলেন, ‘সাইবার অপরাধীরা এই সীমিত তথ্য দিয়ে কী অর্জন করতে পারে তা আমাদের কখনই অবমূল্যায়ন করা উচিত নয়। ভুক্তভোগীদের চুরি হওয়া পাসওয়ার্ডের পরিণতি সম্পর্কে সচেতন হতে হবে ও প্রয়োজনীয় নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে তাদের পাসওয়ার্ড পরিবর্তন করা, ফিশিং ইমেলগুলোর বিষয়ে সতর্ক হওয়া ও সমস্ত অ্যাকাউন্টে টু–ফ্যাক্টর অথেনটিকেশন চালু রয়েছে কিনা তা নিশ্চিত করা। ’







